যশোরের ঝিকরগাছায় হাজিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কক্ষে চুরির ঘটনাটি ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির কক্ষের উত্তর পাশের একটি জানালার নিচের অংশ কেটে চোর ভেতরে প্রবেশ করে। কক্ষে থাকা দুটি সিলিং ফ্যান এবং বিদ্যালয়ের খিচুড়ি রান্নার কাজে ব্যবহৃত তিনটি ডেক্সি চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় কক্ষের ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়।
রবিবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে জানালার নিচের অংশ কাটা এবং কক্ষের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় করেন।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, আশপাশের কিছু নেশাগ্রস্ত ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শাহাজাদী বানু বলেন, সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি জানতে পারি। বর্তমানে উপজেলা শিক্ষা অফিসে এসেছি। এখান থেকে ফিরে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করব।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।