ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার বালিয়া ইউনিয়নের মৈশাউন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম উপজেলার বালিয়া ইউনিয়নের মৈশাউন্দা গ্রামের মমরুজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশের একটি ফিশারিতে কাজ করছিলেন শফিকুল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
শফিকুলের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।