ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে নিখোঁজের দু’দিন পর দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার

author
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সকাল ৮:২১
ad003
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নিখোঁজের দু’দিন পর ইউসুফ আলী (৩০) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের ছাতক-সুনামগঞ্জ সড়কসংলগ্ন পানাইল ডুবার খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ইউসুফ পান্ডারগাঁও ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামের আলকাছ আলীর ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউসুফ গত ৫-৬ দিন আগে ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গত ১৮ জুলাই শনিবার রাতে পানাইল এলাকায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল। সোমবার সন্ধ্যায় খালের পানিতে অজ্ঞাত লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর নিহতের বাবা এসে পরিচয় শনাক্ত করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অসাবধানতাবশত পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং দৃষ্টিপ্রতিবন্ধিতার বিষয়টি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT