নড়াইলের কালিয়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই ২০২৬ মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী, কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাবউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মিষ্টাংসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদকদ্রব্যের বিস্তার রোধ, চুরি-ডাকাতি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের চলমান কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।