ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

author
পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সকাল ১০:৩৭
ad003
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন (ভিএএসএ)-এর ২০২৬–২৭ মেয়াদের এক বছরমেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে মো. আবু বক্কর সিদ্দিক সহ-সভাপতি এবং আব্দুল্লাহ হিল কাফি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, তথ্য ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, কর্মসূচি ও আয়োজন সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সহ-সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। সাধারণ শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অনুষদের প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক ও সার্বিক কল্যাণে ভিএএসএ কার্যকর ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমকে গতিশীল করাই আমাদের লক্ষ্য। সবার অংশগ্রহণে একটি শিক্ষার্থীবান্ধব ও সক্রিয় সংগঠন হিসেবে ভিএএসএকে এগিয়ে নিতে আমরা কাজ করব।”

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. এ. কে. এম. মোস্তফা আনোয়ার নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “নবগঠিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণ, নেতৃত্বের বিকাশ এবং প্রাণিচিকিৎসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনটি আরও এগিয়ে যাবে।”

সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সেলিম আহাম্মদ বলেন, “সাধারণ শিক্ষার্থীদের সর্বসম্মত সিদ্ধান্তে গঠিত এ কমিটির কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মিজানুর রহমান। এ ছাড়া অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা সংগঠনটির কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং একাডেমিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই নতুন কমিটি কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT