ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে গৃহবধূর মৃত্যু, শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক

author
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪
ad003
মাদারীপুরের ডাসার উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে বিষপানের পর সুমি আক্তার মিম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের আজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রামের আলিম হাওলাদারের মেয়ে এবং আজালিয়া গ্রামের ফরহাদ আকনের স্ত্রী।

পরিবারের অভিযোগ, স্বামীর বিদেশযাত্রার ঋণ পরিশোধের জন্য ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা না দেওয়ায় দীর্ঘদিন ধরে মিমকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। 

মঙ্গলবার এ নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে তিনি বিষাক্ত রাসায়নিক পান করেন। পরে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলিম হাওলাদার অভিযোগ করেন, যৌতুকের দাবিতে নির্যাতনের কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াজ মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই মিমের মৃত্যু হয়।

ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের দাবি, ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT