ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক সোলায়মান

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ রাত ৯:৩৫
ad003
নেত্রকোণার আটপাড়া উপজেলার শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক সোলায়মান হোসেনকে কর্মস্থলে গিয়েও পাওয়া যায়নি। তার বিরুদ্ধে এক নারী শিক্ষিকার করা লিখিত অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গিয়ে প্রতিবেদক জানতে পারেন, তিনি কোনো লিখিত ছুটির আবেদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত রোববার (১৯ জুলাই) অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার উদ্দেশ্যে প্রতিবেদক শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় যান। সেখানে অভিযুক্ত শিক্ষক সোলায়মান হোসেনকে পাওয়া যায়নি। এর আগে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এর আগে এক নারী শিক্ষিকা সোলায়মান হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দেওয়া, শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং বিভিন্নভাবে হয়রানির অভিযোগ এনে ইসলামী ফাউন্ডেশন নেত্রকোণা জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।

শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আশরাফুজ্জামান বলেন, "সোলায়মান হোসেন আমার কাছে কোনো লিখিত ছুটির আবেদন দেননি। রোববার তার সঙ্গে আমার সরাসরি দেখাও হয়নি। তবে তিনি ফোন করে জানিয়েছেন, জরুরি কারণে তিনি ছুটিতে আছেন।"


আটপাড়া উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. খায়রুল ইসলাম বলেন, "রোববার (১৯ জুলাই) সোলায়মান হোসেন মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে তিনি আমার কাছ থেকেও কোনো ছুটি নেননি।"

ইসলামী ফাউন্ডেশন নেত্রকোণা জেলা কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক মো. শাহ আলম বলেন, "আমি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম। আজই অফিসে এসেছি আমি। 
তবে বিষয়টি জানতে আটপাড়া উপজেলার ফিল্ড সুপারভাইজারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, উনার কাছে সোলায়মান হোসেন কোনো লিখিত বা মৌখিক ছুটির আবেদন করেনি।

বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে, সোলায়মান হোসেন এর আগে মোহনগঞ্জ উপজেলার নোয়াগাঁও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত থাকাকালেও বিভিন্ন সময়ে লিখিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ ওঠে। 
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও অভিযোগ দেওয়া হয়েছিল বলে সূত্রগুলো দাবি করেছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, গত রোববার (১৯ জুলাই) সোলায়মান হোসেন ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, ঢাকায় অবস্থান করছিলেন। সেখানে তিনি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগসংক্রান্ত বিষয়ে গিয়েছিলেন বলে তারা জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে সোলায়মান হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসভ করেননি। পরে তার কর্মস্থল শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। ফলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, কর্মস্থলে অনুপস্থিতি এবং এ-সংক্রান্ত বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT