ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
দুই কারাগারে আধুনিক ব্যবস্থাপনা ও নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন

জেল সুপার আবু সায়েমের নেতৃত্বে বন্দীদের পুনর্বাসন, নিরাপত্তা ও মানবিক সেবায় গুরুত্ব

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ বিকেল ৪:১৬
ad003
খুলনার পুরাতন জেলা কারাগার ও নতুন জেলা কারাগারে নিরাপত্তা জোরদার, বন্দীদের মানবিক সেবা এবং সংশোধনমূলক কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। 

জেল সুপার আবু সায়েমের নেতৃত্বে এবং জেলার হাসান ও ফারুকের তত্ত্বাবধানে দুই কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন বলে কারা সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, দুই কারাগারে বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উন্নতমানের খাবার সরবরাহ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সংশোধনমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

বন্দীদের মানসিক বিকাশ ও পুনর্বাসনের লক্ষ্যে ধর্মীয় পাঠদান, সাংস্কৃতিক কর্মকাণ্ড, গান-বাজনা এবং বিভিন্ন ধরনের কারিগরি ও হস্তশিল্প প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কারা কর্তৃপক্ষের লক্ষ্য, সাজা শেষে বন্দীরা সমাজে ফিরে স্বাভাবিক ও কর্মমুখী জীবনযাপন করতে পারেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ নভেম্বর প্রথম ধাপে খুলনার পুরাতন জেলা কারাগার থেকে ১০০ জন সাজাপ্রাপ্ত বন্দীকে নতুন আধুনিক জেলা কারাগারে স্থানান্তর করা হয়। 

প্রায় ৩০ একর জমির ওপর নির্মিত এই আধুনিক কারাগারে পর্যায়ক্রমে বন্দী স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কারাগারটি জেলা কারাগার এবং পুরাতন কারাগারটি মেট্রোপলিটন কারাগার হিসেবে পরিচালনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্প্রতি পুরাতন জেলা কারাগার থেকে হাজতি ইমন মাঝি দেয়াল টপকে পালিয়ে গেলেও জেল সুপার আবু সায়েম ও জেলার ফারু‌কের তাৎক্ষণিক নেতৃত্বে পরিচালিত অভিযানে মাত্র দুই ঘণ্টার মধ্যেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় কারা কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্ব প্রশংসিত হয় নগর ও দেশ ঝু‌ড়ে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

কারা সংশ্লিষ্টরা জানান, দুই কারাগারে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বন্দীদের সংশোধন ও দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা, ধর্মীয় অনুশীলন, কারিগরি প্রশিক্ষণ, সাংস্কৃতিক চর্চা এবং কর্মমুখী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বন্দীদের সমাজে পুনর্বাসনের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে।

কারা সূত্রের ভাষ্য, নিরাপত্তা ও মানবিক ব্যবস্থাপনার সমন্বয়ে খুলনার দুই কারাগারকে একটি আধুনিক সংশোধনাগার ব্যবস্থার কার্যকর মডেল হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT