উখিয়া ৬৪ বিজিবি’র পালংখালী বিওপির টহল দল কর্তৃক মালিকবিহীন আনুমানিক চার কোটি বিশ লক্ষ টাকা মূল্যের ১,৪০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (২২ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২১ জুলাই ২০২৬ ইংরেজি আনুমানিক ২১.৫৫ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ন এলাকার উলুবুনিয়া গ্রামের জোড়াকাঠি নামক স্থান দিয়ে ০৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং অনুপ্রবেশকারীদের ধাওয়া করে। পরবর্তীতে চোরাকারবারীরা মাদকদ্রব্য নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ফাঁকা ফায়ার করায় তাদের হাতে থাকা বস্তা ফেলে রেখে দ্রুত দৌড়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। ওই এলাকায় পলায়নরত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে উক্ত চোরাকারবারীদেরকে খুঁজে পাওয়া যায়নি।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।