ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে সন্তানকে বিষ পানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

author
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ৮:৩৮
ad003
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে একমাত্র পুত্র সন্তানকে বিষ খাইয়ে হত্যার পরে বিষপানে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। আশংকাজনক অবস্থায় মাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি ১ বছর ৫ মাস বয়সী শিশু আবু সাইদকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

গতকাল বুধবার (২২ জুলাই) উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পশ্চিম মীরাপাড়া এলাকার হারুনের স্ত্রী সাহিদা(২২) একমাত্র ছেলেকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে মতের মিল হচ্ছিল না সাহিদার। এতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়ে আসছিল। গতকাল দুপুরের পর যেকোনো সময়ে নিজ বাড়িতে সন্তানকে বিষ পানের পর নিজেও বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে অবস্থা বেগতিক দেখে দ্রুত সাহিদাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলেও মারা যায় শিশুটি।

পরে সন্ধ্যা দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরও বলেন, এ ঘটনায় পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT