ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একমাত্র ছেলের

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ সকাল ১০:৫৪
ad003
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বাড়ির আঙিনায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ মিয়া (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার ধনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আকাশ মিয়া ধনপুর গ্রামের বাচ্চু মিয়ার একমাত্র ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির বারান্দার টিনের চালায় উঠে পেয়ারা সংগ্রহ করছিলেন আকাশ। একপর্যায়ে অসাবধানতাবশত চালার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে টিনের চালা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পার্থ সরকার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আকাশ মিয়ার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে ঘটনাস্থল বারহাট্টা থানার আওতাভুক্ত হওয়ায় পরবর্তী আইনগত কার্যক্রম সংশ্লিষ্ট থানা পরিচালনা করবে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, নিহতের মরদেহ মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের ভাষ্য, বাড়ির পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের লাইন চলে যাওয়ায় এমন দুর্ঘটনার আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল। আকাশের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT