ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির ১২ নেতার শ্রদ্ধা

পরবর্তী রাষ্ট্রপতি বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ ফোরাম :রিজভী

author
বিশেষ প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ বিকেল ৫:১৩
ad003
রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সরকারি বিভিন্ন সংস্থা, দফতর ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বিএনপির ১২ নেতা। শনিবার দুপুরে শ্রদ্ধা জনানোর পর প্রয়াত দুই নেতা-নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন নেতারা। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। যথাসময়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরা হবে।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং আমরা সেটিই বিশ্বাস করতে চাই। তিনি আরো বলেন, পদত্যাগকারী রাষ্ট্রপতির বিচারের দাবি বিভিন্ন রাজনৈতিক দল তুলেছে। এ বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আলোচনা হবে এবং পরে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ১২ কর্মকর্তার প্রসঙ্গে রিজভী বলেন, যারা গতকাল বিভিন্ন সরকারি সংস্থায় দায়িত্ব পেয়েছেন, তারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সাম্প্রতিক আন্দোলনে দলের নেতা-কর্মীদের অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবে তাদের এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা আজ দায়িত্ব পেয়েছেন, তারা কোনো অবস্থাতেই তাদের আদর্শ বিক্রি করবেন না এবং কখনো মাথা নত করবেন না।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, গত চার মাসে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার অসংখ্য জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রতিশ্রুত প্রতিটি বিষয় বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় আরও ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান পদের দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে দলের সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ্উদ্দিন সরকার, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক পদের বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত দলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানী, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে দায়িত্বপ্রাপ্ত যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি (দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) মো. কামরুজ্জামান দুলাল।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী সই করা পৃথক ১২টি প্রজ্ঞাপনে তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগের তথ্য জানানো হয়। তারা অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT