জেলা পুলিশ খুলনা আয়োজিত বিশেষ অপরাধ সভায় অংশগ্রহণ করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় তিনি অপরাধ নিয়ন্ত্রণে গতানুগতিক পুলিশিং থেকে বেরিয়ে এসে আধুনিক, প্রযুক্তিনির্ভর, কমিউনিটিভিত্তিক এবং সময়োপযোগী পুলিশিং ব্যবস্থা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ খুলনার পুলিশ সুপার জনাব মোঃ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল বিরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব আবীর সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) জনাব মোঃ খাইরুল আনাম, বিপিএম-সেবা এবং সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) জনাব মোঃ আমির হামজা।
সভায় ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সময়ের অপরাধ মোকাবিলায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা আরও বাড়িয়ে কমিউনিটি পুলিশিং জোরদার করার পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনসেবার মান বৃদ্ধিতে সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি।