নাটোরের লালপুরে ৫০ গ্রাম গাঁজাসহ ইসাহাক আলী ওরফে ইসুব (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার সিরাজীপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান খোন্দকারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টা ২৫ মিনিটের দিকে সিরাজীপুর মন্ডলপাড়া গ্রামের বৈদ্যনাথপুর সবজীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইসাহাক আলীর বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসাহাক আলী সিরাজীপুর মন্ডলপাড়া গ্রামের মো. ইসলাম মন্ডলের ছেলে।
এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে গতকাল রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।