ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদ সাজিদ স্মরণে জবিতে ষষ্ঠ আন্তঃবিভাগ ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু

author
মিজান উদ্দিন মাসুদ, জবি প্রতিনিধি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ সকাল ১০:৪৯
ad003
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শহিদ সাজিদ স্মরণে তিন দিনব্যাপী 'ষষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী'।

 ২৬ জুলাই ২০২৬ আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলম।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. আশরাফুল আলম বলেন, "ফটোগ্রাফি কেবল একটি শিল্প নয়, এটি ইতিহাস ধরে রাখার এবং সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সৃজনশীল চর্চায় এ ধরণের প্রতিযোগিতা ও প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের এই পথচলাকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি বলেন, "শহিদ সাজিদের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত আমাদের এই প্রদর্শনী তরুণ আলোকচিত্রীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। জবির শিক্ষার্থীদের ক্যামেরায় ধরা পড়া গল্পগুলো দর্শনার্থীদের ভাবাবে ও অনুপ্রাণিত করবে বলে আমাদের বিশ্বাস। নতুনদের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই আমাদের এই প্রয়াস।"

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সদস্য ও তরুণ আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তোলা সেরা আলোকচিত্রগুলো স্থান পেয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১০:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT