ময়মনসিংহের ধোবাউড়া ও নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ৮৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। তবে দুটি অভিযানেই মাদক বহনের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, রোববার (২৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের বলমাঠ এলাকায় অভিযান চালায় কচুগড়া বিওপির একটি বিশেষ টহল দল। সীমান্তের মেইন পিলার ১১৭৮/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এর মধ্যে ১২ বোতল অফিসার্স চয়েজ এবং ৮ বোতল ম্যাক ডুয়েলস ব্র্যান্ডের মদ ছিল।
একই দিন রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়ইগড়া এলাকায় অভিযান পরিচালনা করে মুন্সিপাড়া বিওপির আরেকটি বিশেষ টহল দল। সীমান্ত পিলার ১১৪০/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় আরও ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
দুই অভিযানে উদ্ধার হওয়া মোট ৮৭ বোতল ভারতীয় মদ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।