ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে

সিআইডির ব্যাপক প্রশংসা করেছে শিক্ষার্থী

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ দুপুর ১২:২৬
ad003
বাংলাদেশে অধ্যয়নরত এক বিদেশি নারী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দামী স্মার্টফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মোবাইলটি মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে। এমন ঘটনায় বিদেশী শিক্ষার্থী সিআইডির ব্যাপক প্রশংসা করেছে। বিদেশীদের প্রতি বাংলাদেশের আন্তরিকতায় খুবই মুগ্ধতা প্রকাশ করেছেন ওই শিক্ষার্থী।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান, ঢাকার গ্রীন লাইফ মেডিকাল কলেজে অধ্যয়ন করছেন ইনডিয়ার নাগরিক আসমা। চলতি বছরের ৮ জুলাই দুপুর আড়াইটার দিকে কলাবাগান থানাধীন গ্রীন রোড এলাকায় কাজে বের হন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস ২৪ এফই মডেলের দামী স্মার্ট ফোনটি হারিয়ে গেছে। ফোনটিতে একটি বাংলাদেশী ও একটি ইনডিয়ান সিম কার্ড ব্যবহৃত হচ্ছিল। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম হারিয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে এবং দুশ্চিন্তায় পড়ে যান। পরে সহপাঠী বান্ধবী রিজুয়ানা রহমান রিসার সহায়তায় কলাবাগান থানায় ওইদিনই একটি জিডি করেন। ওই শিক্ষার্থীর হয়ে তার শিক্ষক শারমিন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন।

সিআইডি কর্মকর্তা আরো জানান, সিআইডির বিশেষজ্ঞ টিম প্রযু্িক্তর সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করে। পরে  বাগেরহাট জেলা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে আনা হয়। সোমবার সিআইডি সদর দফতরে শিক্ষার্থীর কাছে ফোনটি হস্তান্তর করা হয়।

ওই শিক্ষার্থী বলেন, তিনি সত্যিই খুবই খুশী। সেই সঙ্গে রীতিমত হতবাক। কারণ সামান্য একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য সিআইডির এমন তৎপরতা সত্যিই নজিরবিহীন। প্রশংস করলেও ছোট করে করা হবে। তিনি ফোনের আশা ছেড়ে দিয়েছিলেন। বিদেশী হিসেবে তার সমস্যাটি সমাধান করতে সিআইডি এতটা আন্তরিকতা দেখাবে, তা তিনি ভাবতেই পারেননি। মোবাইল ফোন হাতে পেয়ে তিনি রীতিমত আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বার বার সিআইডি কর্মকর্তাদের ধন্যবাদ দিচ্ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT