ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হলেন স্টেট ইউনিভার্সিটির ভিসি ড. মো: আখতার হোসেন খান

author
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ দুপুর ২:২১
ad003
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির অবসরপ্রাপ্ত ডীন এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বর্তমান ভাইস-চ্যান্সেলর ড. মো: আখতার হোসেন খান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) থেকে গতকাল ২৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭'-এর ৭(১) ধারা অনুযায়ী তাকে আগামী ৪ (চার) বছরের জন্য এ পদে নিয়োগ প্রদান করা হলো।তিনি 'বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭' অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।কাউন্সিল আইনের ৭(৪) ধারা অনুযায়ী তিনি পদমর্যাদা এবং প্রচলিত বিধি মোতাবেক বেতন-ভাতাদি ও পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।চেয়ারম্যান পদে তার মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ড. আখতার হোসেন খান বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি তিনি স্টেট ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে যোগ দেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৮২ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএসসি সম্পন্ন করেন। পরে যুক্তরাষ্ট্রের ক্যানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ও পোস্ট-ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।সেখানে অধ্যয়নকালে তিনি ‘নিল অ্যান্ড ফ্লোরেন্স ই মোরহাউস’ ও ‘রসকো এলিস, জুনিয়র’ গ্র্যাজুয়েট স্কলারশিপের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার পান ।তিনি দেশে এবং বিদেশে আন্তর্জাতিক বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব দেন।

১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়ে ২০১৭ সালে গ্রেড-১ অধ্যাপক পদে উন্নীত হন ড. আখতার হোসেন। কর্মজীবনে তিনি অমর একুশে হলের প্রাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ডুটা) টানা দুই মেয়াদে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম, শিক্ষকতার মান, অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম মূল্যায়নের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করে। কাউন্সিলের অ্যাক্রেডিটেশনের মাধ্যমে কোনো বিশ্ববিদ্যালয় বা একাডেমিক প্রোগ্রাম জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT