সাতক্ষীরা সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে খুলনা রেঞ্জ পুলিশ।
কর্মসূচির অংশ হিসেবে খুলনা রেঞ্জের বিভিন্ন ইউনিটে পর্যায়ক্রমে ৩০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) সাতক্ষীরা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান।
খুলনা ডিআইজি বলেন, তোমরাই সমৃদ্ধ বাংলাদেশ নামক স্বপ্নের বাহক। তাই হিংসা, লোভ ও অহংকারকে পরাজিত করে নিজেকে অনাগত সময়ের জন্য প্রস্তুত করতে মনোনিবেশ করতে হবে।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকীভাবে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, খুলনা রেঞ্জজুড়ে পর্যায়ক্রমে ৩০ হাজার বৃক্ষরোপণ করা হবে।
এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।