ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

author
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ সকাল ১১:৪৮
ad003
পটুয়াখালীর গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব এবং এর প্রতিরোধে করণীয় বিষয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার  সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোহাম্মদ ইজাজুল হক এর সভাপতিত্বে  সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নিয়ে অনলাইন জুয়ার ভয়াবহতা, যুবসমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সেমিনারে বক্তব্য রাখেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ  (ওসি) ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদ আহ্বায়ক হাফিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবির, প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈম, পটুয়াখালীর জেলা যুব অধিকার পরিষদ সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তাওহীদ ইসলাম, কোর্ট জামে মসজিদের ইমাম দলিল উদ্দিন, অ্যাডভোকেট মো. খবির উদ্দিন, গলাচিপা সরকারি কলেজের ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ প্রমুখ।  

সেমিনারে বক্তারা বলেন, অনলাইন জুয়া শুধু একজন ব্যক্তির আর্থিক ক্ষতির কারণ নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তরুণ প্রজন্মকে এ ধরনের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সেমিনারের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোহাম্মদ ইজাজুল হক তার বক্তব্যে বলেন, নিজেকে জানতে হবে আগে খুঁজে দেখুন আপনার ভিতরেই হয়তো জুয়ারী বাস করে, হয়তো ধর্ষক বাস করে, হয়তো লুটেরা বাস করে কিন্তু এদেরকে প্রতিহত করে ইসলামের পথে- ধর্মের পথে চলেন দেখবেন আপনি ভালো মানুষ হিসেবে নিজেকে চিনবেন। তিনি আরো বলেন, এই সেমিনার কক্ষে যারা আছেন আমরা এখান থেকেই শুরু করি আগে, আমরা ঠিক হই তারপর পরিবার, সমাজ, রাষ্ট্র এভাবে একদিন পরিবর্তন আসবে। তিনি মাদক ও জুয়ার ব্যাপারে জিরো টলারেন্স হিসেবে  নিজের অবস্থান পরিষ্কার ঘোষণা করেছেন।

তিনি অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারীরা অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT