যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চৌহালী থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে চৌহালী থানা।
পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) তরিকুল ইসলামের সঞ্চালনায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো:জাহিদ মোল্লা ও সাধারণ সম্পাদক ছিলেন ক্বারী মো: ময়নুল ইসলাম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ ফরিদ উদ্দিন বলেন, মাদক, জুয়া ও কিশোর অপরাধ সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে আইন শৃংঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতাই অপরাধ প্রতিরোধের অন্যতম প্রধান শক্তি। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত বক্তারা সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে অবহিত করা এবং নারী ও শিশু নির্যাতন রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।