ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়মে টেন্ডার বাতিল ঠিকাদার ব্ল্যাকলিস্টেড হবে: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

author
নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ বিকেল ৪:১৩
ad003
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, উন্নয়ন প্রকল্পের কাজ সততা, স্বচ্ছতা ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনো প্রকল্পে অনিয়ম ধরা পড়লে কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্ট টেন্ডার বাতিল করা হবে। একই সঙ্গে অনিয়মে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে।

মঙ্গলবার২৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নিজস্ব তদারকির পাশাপাশি একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমেও কাজের গুণগত মান ও অগ্রগতি যাচাই করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত ও উন্নয়নবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কম মুনাফায় সর্বোচ্চ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন ও হস্তান্তর নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঠিকাদারি ও নির্মাণকাজে যাতে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি না হয়, সে বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, সদস্য মো. আব্দুল গফফার, প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শাহজালাল মজুমদার, পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, মো. মেহেদী হাসানসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা, প্রকৌশলী এবং নিবন্ধিত ঠিকাদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT