কক্সবাজারের টেকনাফ উপজেলায় সরকারের ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম ২০২৬ এর আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষা শুরু হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৯ জুলাই) তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সকাল ১০ টায় শুরু হয়।
পরীক্ষায় ১১ জনের একটি টীম আবেদনকারীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করছেন বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী।
এদিকে সকাল থেকেই টানা অতিবৃষ্টি চলছে। সে অতিবৃষ্টি উপেক্ষা করে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হন। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোতে প্রার্থীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকেন্দ্রগুলোর আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা চলতেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের দায়িত্ব পালন করবেন। পরীক্ষার ফলাফল ও পরবর্তী নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষের সাথে আমার যোগাযোগ রয়েছে। পাশাপাশি আইন শৃংখলা রক্ষার্থে পরীক্ষা কেন্দ্রে পুলিশের একটি টীম কাজ করছে বলে জানান ওসি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী বলেন, নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সমন্বয়ে ১১ জনের একটি বোর্ড গঠন করা হয়েছে। তাদের মাধ্যমেই প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হলে বিস্তারিত তথ্য জানানো যাবে বলে জানান ইউএনও।