ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত নেত্রকোণা গঠনে মাঠে জেলা প্রশাসক, স্বপ্ননীড় নিরাময় কেন্দ্রে আকস্মিক পরিদর্শন

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ সকাল ১১:১৪
ad003
মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কার্যক্রম পরিদর্শনে নেত্রকোণার 'স্বপ্ননীড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র' পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা শহরে অবস্থিত নিরাময় কেন্দ্রটি পরিদর্শনকালে জেলা প্রশাসক চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং কেন্দ্রের সার্বিক চিকিৎসা ব্যবস্থা, আবাসন, শয়নকক্ষ, পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং সেবার মান আরও উন্নত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের একপর্যায়ে জেলা প্রশাসক চিকিৎসাধীন রোগীদের সঙ্গে মতবিনিময় করেন। 
এ সময় তিনি তাদের ব্যক্তিগত সমস্যা ও অভিজ্ঞতার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্ত হয়ে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি নিয়ে নতুন জীবন শুরু করতে রোগীদের উৎসাহিত করেন।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে চিকিৎসা, পুনর্বাসন, সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক তদারকি—সবগুলো বিষয়কে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে জেলা প্রশাসন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি নিরাময় কেন্দ্রগুলোর সেবার মান নিশ্চিত করতে জেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT