ভোলা ও হাতিয়ায় পৃথক ৩ টি অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ২৮ জুলাই) ভোলার সদর থানাধীন ইলিশা পাকার মাথা সংলগ্ন এলাকায় বিকাল সাড়ে ৩ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ২০ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
অপরদিকে, ভোলার লালমোহন থানাধীন উত্তর বাজার সংলগ্ন এলাকায় বুধবার (২৯ জুলাই) রাত ৩ টায় কোস্ট গার্ড আউট পোস্ট লালমোহন কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়াও নোয়াখালীর হাতিয়া থানাধীন সেকু মার্কেট সংলগ্ন এলাকায় একই দিন ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, ১ টি চাইনিজ কুড়াল এবং নগদ ৬ হাজার ৫৮০ টাকাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।