ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঝিলমিল হাসপাতালে ভূল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠুভাবে তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল মোকাদ্দেস কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মাহবুবা আক্তার সভাপতি, সহকারী সার্জন (এনেস্থিসিওলজিষ্ট) ডাঃ মোঃ ইমরান হক সদস্য সচিব, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) নাদিম আহমেদকে সদস্য করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরেজমিন তদন্তপূর্বক আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্ন স্বাক্ষরকরীর নিকট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইল। কমিটি গঠন করার পরপরই কমিটির সদস্যরা হাসপাতালটি তদন্ত পরিদর্শন শেষ করেছেন।
এর আগে, গত ২৫ জুলাই পাইলস রোগের চিকিৎসার জন্য মাদ্রাসা শিক্ষক আবু হানিফ কেরানীগঞ্জের কদমতলী এলাকার ইবনেসিনা হাসপাতালের ডা. মোহাম্মদ আবু খায়েরের কাছে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা শেষে অপারেশনের জন্য ২৭ জুলাই বিকেল ৫টার দিকে তাকে ঝিলমিল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রায় এক ঘণ্টার অপারেশন শেষে হাসপাতালের বেডে আনার কিছুক্ষণ পর তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
এবিষয়ে ডাঃ মোঃ আবদুল মোকাদ্দেস বলেন, মৃত্যুর ঘটনায় হাসপাতালটির বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ প্রমানিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।