ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা, সবুজায়নে জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগ

author
কয়রা প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৯
ad003
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খুলনার কয়রায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন। হাতে গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের উপস্থিত সকল শিক্ষার্থীর হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় আরএইচএল প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ি উদ্বোধনের পর এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এলাকার সাধারণ মানুষের মাঝেও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়, যাতে স্থানীয় পর্যায়ে সবুজ বনায়ন আরও সম্প্রসারিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. আজিজুল হক। স্বাগত বক্তব্য দেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক শেখ মোজাম্মেল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল এবং কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ।

এছাড়া বক্তব্য দেন জাগরণী চক্র ফাউন্ডেশনের সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার আজাদুর রহমান, কয়রা কো-অর্ডিনেটর মো. ইউছুফ আলী, ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার আরমান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে আরএইচএল প্রকল্পের আওতায় নির্মিত জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ির উপকারভোগীদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক সবুজায়নের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা ও গাছ লাগানোর অভ্যাস গড়ে উঠবে। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT