ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ নাসিকে আসছে ১ হাজার কোটি টাকা বাজেট

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ দুপুর ১২:৫১
ad003
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার, ৩০ জুলাই। এটি হবে নাসিকের ১৫ তম বাজেট এবং সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করবেন নাসিকের প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান।

নাসিক সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ১ হাজার কোটি টাকা। এর মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০ কোটি টাকা। ফলে ১০০ কোটি টাকার বেশি উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৭০৪ কোটি ৬১ লাখ টাকা। সেই তুলনায় নতুন বাজেটের আকার বেড়েছে প্রায় ৩০০ কোটি টাকা।

নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলোকে এবারের বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে চারটি খাত:সুপেয় পানির সরবরাহ সম্প্রসারণ,মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন,নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম।

এ ছাড়া নাগরিক সেবার মানোন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট বাস্তবায়নের প্রধান ভিত্তি হিসেবে ধরা হয়েছে নাসিকের নিজস্ব রাজস্ব আয়। পাশাপাশি পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে প্রাপ্ত অর্থও ব্যয়ের অন্যতম উৎস।

সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব আদায় বাড়ানো, চলমান উন্নয়ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করা এবং নতুন প্রকল্প অন্তর্ভুক্তির পরিকল্পনার কারণেই রেকর্ড পরিমাণ বাজেট প্রস্তাব করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করা হয়। এরপর দুইজন সরকারি কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালন করেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম একজন রাজনৈতিক প্রশাসকের নেতৃত্বে নাসিকের বাজেট ঘোষণা হতে যাচ্ছে।

বাজেট ঘোষণার পর এখন নগরবাসীর প্রধান প্রত্যাশা, ঘোষিত পরিকল্পনার কতটা বাস্তবে রূপ পায়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT