কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যাকাণ্ডের মাত্র দুই মাস পর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী অন্তরা (২৭) মারা গেছেন। বুধবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তরা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর গোহালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং কটিয়াদী বাজারের ব্যবসায়ী নিহত জিল্লুর রহমানের স্ত্রী।
পরিবারে সূত্রে জানা যায়, জিল্লুর রহমান হত্যা মামলাটির বর্তমানে কিশোরগঞ্জ পিবিআইয়ের ( পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ) তদন্তাধীন রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে সিএনজি চালিত অটোরিকশায় বাড়িতে ফেরার পথে অন্তরা কিশোরগঞ্জ - ভৈরব মহাসড়কে উপজেলার আচমিতা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান সিএনজিটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১৮ মে কটিয়াদী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। পরে মামলাটির তদন্তভার কিশোরগঞ্জ পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। স্বামীর হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করে বাড়িতে ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় অন্তরার মৃত্যু হয়। দুই মাসের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কিশোরগঞ্জ পিবিআই এর উপপরিদর্শক (এসআই) ও নিহত অন্তরার স্বামী জিল্লুর রহমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, কটিয়াদী বাজারের ব্যবসায়ী নিহত জিল্লুর রহমানের স্ত্রী অন্তরা পিবিআই এর কিশোরগঞ্জ কার্যালয়ে আমার সাথে দেখা করতে আসেননি। সড়ক দুর্ঘটনায় অন্তরার মৃত্যু দুঃখজনক ও মর্মান্তিক।
কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, সড়ক দুর্ঘটনায় অন্তরা নামে এক নারীর মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।