নেত্রকোণায় সাধারণ মানুষের অভিযোগ ও জনভোগান্তির বিষয়ে সরাসরি শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
এ লক্ষ্যে বুধবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের ব্যক্তিগত, সামাজিক ও সেবাসংক্রান্ত নানা অভিযোগ, সমস্যা এবং প্রস্তাবনা জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান সরাসরি উপস্থিত হয়ে আবেদনকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত গণশুনানি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ ধরনের উদ্যোগ জনগণের সমস্যার দ্রুত সমাধান এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।