নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলানাথপুর এলাকায় মাদক ব্যবসায় সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক বিধবার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬০ বছর বয়সী বিধবা নুর বানু সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার অভিযোগ, মেয়ের সাবেক স্বামী জাকির পরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনাটি ঘটে গত ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার ভোলানাথপুর এলাকায়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতঘর ও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় এবং প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী পরিবার জানায়, নুর বানুর মেয়ে তাসলিমা আক্তার ওরফে ফালানীর সঙ্গে জাকিরের কয়েক বছর আগে বিয়ে হয়। সংসার চলাকালে জাকির ফালানীকে মাদক বিক্রির কাজে জড়াতে চাপ দিতে থাকেন। কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
পরিবারের দাবি, বিচ্ছেদের প্রায় দুই মাস পর জাকির ক্ষোভ থেকে নুর বানুর পরিবারের ওপর বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই দুপুরে জাকির তার কয়েকজন সহযোগীকে নিয়ে নুর বানুর বাড়িতে এসে হামলা চালায়। একপর্যায়ে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
বিধবা নুর বানু কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই ঘরটিই ছিল আমার শেষ সম্বল। স্বামীর স্মৃতি, জীবনের সব সঞ্চয়—সব আগুনে পুড়ে গেছে। এখন মাথা গোঁজারও কোনো জায়গা নেই। আমি এ ঘটনার বিচার চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।