ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গ্যাস সংকট, উৎপাদনে ধাক্কা—ভোগান্তিতে শিল্প ও পরিবহন খাত

author
গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ সকাল ১১:২৬
ad003
দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে দীর্ঘদিন ধরেই কাটছে না গ্যাস সংকট। প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় ওয়াশিংসহ বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএনজিচালিত যানবাহনের চালকদের। 

এতে একদিকে শিল্প মালিকরা উৎপাদন ব্যাহত হওয়ায় লোকসানের মুখে পড়ছেন, অন্যদিকে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় ক্ষতির শিকার হচ্ছেন পরিবহন চালকরাও। শিল্প সংশ্লিষ্টরা জানান, গ্যাসের স্বল্পচাপের কারণে অনেক কারখানায় নির্ধারিত উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও মেশিন বন্ধ রেখে গ্যাসের অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে সময়মতো বিদেশি ক্রেতাদের রপ্তানি আদেশ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে পরিচালন ব্যয়ও।

একটি ওয়াশিং কারখানার এক কর্মকর্তা বলেন, প্রয়োজনীয় গ্যাস না থাকায় উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে রপ্তানি আদেশ নির্ধারিত সময়ে সরবরাহ করা কঠিন হয়ে পড়বে।অন্যদিকে গাজীপুরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে প্রতিদিন দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। গ্যাস সংগ্রহের জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে অটোরিকশাসহ অন্যান্য সিএনজিচালিত যানবাহনের চালকদের। এতে প্রতিদিনই তাদের উল্লেখযোগ্য কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং আয় কমে যাচ্ছে। একজন সিএনজিচালিত অটোরিকশা চালক জানান, দিনের বড় একটি সময় লাইনে দাঁড়িয়ে কাটাতে হচ্ছে। ফলে পর্যাপ্ত ট্রিপ দেওয়া সম্ভব হচ্ছে না এবং আয়ও আগের তুলনায় কমে গেছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য সালাউদ্দিন চৌধুরী বলেন, শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে উৎপাদন আরও ব্যাহত হবে। এর নেতিবাচক প্রভাব দেশের রপ্তানি আয়ের ওপরও পড়তে পারে। তাই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তিনি। 

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুরের গ্যাস সংকটের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। সংশ্লিষ্টদের দাবি, দেশের অর্থনীতির স্বার্থে শিল্পাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পরিবহন খাতের ভোগান্তি কমাতেও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT