ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে ট্রাকের ধাক্কায় ৩ কিশোর নিহত

author
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ ভোর ৪:৩৪
ad003
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। 

শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, রাজশাহীগামী একটি ড্রাম ট্রাক পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের লিডার মো. রেজোয়ান মন্ডলের নেতৃত্বে একটি ইউনিট রাত ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোহনপুর উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন (১৬) মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাঁকোয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে রাতুল মিয়া (১৫)-কে মৃত ঘোষণা করেন। রাতেই নিহত রাতুলের বড় ভাই স্বাধীন মিয়া (১৭)-কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে ১ আগস্ট শনিবার তিনিও চিকিৎসারত অবস্থায় মারা যান।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে, চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে  অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT