ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণখানে নারী চিকিৎসক হত্যা: স্বামী সোহেল গ্রেপ্তার, রিমান্ড আবেদন পুলিশের

author
জাহিদ হাসান

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৮
সারা রোকসানা পিনু সারা রোকসানা পিনু
ad003
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় খুন হওয়া নারী চিকিৎসক সারা রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। ঘটনার তদন্তে পারিবারিক বিরোধসহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদনও করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে ফায়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় নিহত হন চিকিৎসক সারা রোকসানা পিনু। ঘটনার দিন সকালে তার স্বামী কর্মস্থলে এবং ছোট মেয়ে স্কুলে চলে যান। পরে বিকেলে স্কুল থেকে ফোন পেয়ে স্বামী বাসায় ফিরে এসে মুখের ওপর বালিশ চাপা অবস্থায় মেঝেতে স্ত্রীর নিথর দেহ দেখতে পান বলে দাবি করেন। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।প্রাথমিকভাবে ঘটনাটি চুরির উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, পাশের কক্ষের জানালার গ্রিল কাটা ছিল এবং বাসা থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা খোয়া যায়।

তবে তদন্তের অগ্রগতিতে ভিন্ন তথ্য সামনে আসে। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ দৈনিক যায়যায়দিনকে জানান, নিহতের বোন বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে নিহতের স্বামী মোহাম্মদ সোহেলকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। 
শনিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।পরিবারের দাবি, হত্যাকাণ্ডের কয়েকদিন আগে রোকসানা পিনু তার বোনকে জানিয়েছিলেন, স্বামীর কাছ থেকে নিজের জীবনের আশঙ্কা রয়েছে এবং তিনি তাকে হত্যা করতে পারেন বলে ভয় পাচ্ছিলেন। 

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটি চুরির উদ্দেশ্যে সংঘটিত হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা তদন্ত শেষেই নিশ্চিত হওয়া যাবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT