বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার আশা জোরালো হওয়ায় একদিনেই বিশ্ববাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি কমেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৬ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৪১ ডলারে নেমে আসে। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে সমঝোতার সুযোগ দিতে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে। এই ঘোষণার পরই জ্বালানি বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় এবং তেলের দাম দ্রুত কমে আসে।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ০ দশমিক ৪ শতাংশ এবং নাসডাক ফিউচার্স ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। তবে এশিয়ার কয়েকটি শেয়ারবাজারে ছিল নেতিবাচক চিত্র। জাপানের নিক্কেই সূচক ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। এছাড়া জাপান ছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমএসসিআই প্রধান সূচকও দিনের শুরুতে ১ শতাংশ নিচে নেমে আসে।
জাপানি মুদ্রা ইয়েনের মান এক শতাংশের বেশি বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ১৫৫ দশমিক ৩৯ ইয়েনে দাঁড়িয়েছে। এতে বাজারে জাপান সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।