প্রায় সাড়ে ৫ কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর সোমবার এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী ওহিদুরজ্জামান ( লিটন ঢালী) আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলাটি অসত্য দাবী করে জামিন আবেদন করলে, জামিন নামঞ্জুর করে আদালত। বিচারক অভিযোগ গঠনের আদেশ দিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন বলে জানিয়েছেন দুদক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম।
উল্লেখ্য ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা হয়। মতিউরের মামলাটির তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়, মতিউর রহমান তাঁর দাখিল করা সম্পদবিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এ ছাড়া সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নিজ নামে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তিনি।