ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলালে ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

author
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ সকাল ১১:০০
ad003
জয়পুরহাটের ক্ষেতলালে বহুল প্রত্যাশিত  ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। হাসপাতালটি নির্মিত হলে উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার হাজারো ডায়াবেটিস রোগীর চিকিৎসাসেবা গ্রহণে দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

সোমবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রউফ, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আবদুল আলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মাওলাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষেতলালে একটি ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। হাসপাতালটি চালু হলে উন্নত চিকিৎসার জন্য রোগীদের আর দূর-দূরান্তে ছুটতে হবে না। স্থানীয় পর্যায়েই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এর মাধ্যমে উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সহজেই মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দান করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠুসহ ছোট ভাই ও তাঁর  পিতা শামছুল হোদা তালুকদার। তাঁদের এ উদ্যোগকে উপস্থিত বক্তারা মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

এদিকে, হাসপাতালের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে যত দ্রুত সম্ভব চিকিৎসাসেবা চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, হাসপাতালটি চালু হলে ক্ষেতলালসহ আশপাশের উপজেলার ডায়াবেটিস রোগীরা নিজ এলাকাতেই আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT