ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবাগত কেএমপি কমিশনারের প্রথম টার্গেট নিরাপদ নগরী

মাদক-সন্ত্রাসমুক্ত খুলনা গড়ার অঙ্গীকার, গাফিলতির বিরুদ্ধে কঠোর বার্তা

author
খুলনা‌ ব‌্যু‌রো

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ দুপুর ২:২৭
ad003
খুলনায় সদ্য যোগদানকারী খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান মহানগরীকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করে নিরাপদ ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করাও হবে তার অগ্রাধিকার।

আজ  সমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, মহানগরীর প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো অভিযান অব্যাহত থাকবে। জনগণের আস্থা অর্জনে পুলিশের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

সভায় তিনি মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) (ভারপ্রাপ্ত) এবং কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস দমনে আরও জোরালো অভিযান পরিচালনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিকবান্ধব পুলিশি সেবা শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নবাগত পুলিশ কমিশনারের এ প্রথম মতবিনিময় সভা থেকেই স্পষ্ট বার্তা উঠে এসেছে—খুলনা মহানগরীতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলাই হবে তার প্রথম অগ্রাধিকার।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT