পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী সেবার প্রাপ্যতা ও ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে আলীকদম উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে তহ্জিংডং। এতে সহযোগিতা করছে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সভায় ‘অ্যাকসেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী প্রতিনিধিরা অংশ নেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র অফিসার (লাইভলিহুড সিস্টেম স্পেশালিস্ট) মং সিং থোয়াই। শুভেচ্ছা বক্তব্য দেন তহ্জিংডংয়ের প্রকল্প সমন্বয়কারী এস. এম. জাফরুল্লাহ শামসুল।
প্রকল্পের উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন তহ্জিংডংয়ের উপজেলা সমন্বয়কারী মং এ থেন। উপস্থাপনায় তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও অন্যান্য জীবনরক্ষাকারী সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
সভায় বক্তারা বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।