ক্যান্সার ও জটিল রোগে আক্রান্ত রোগী এবং তাঁদের স্বজনদের দিনে-রাতে যেকোনো সময় নির্ভরযোগ্য তথ্যের সুবিধা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক রোগী-সহায়ক প্রযুক্তি 'লুনা' চালু করেছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার।
শনিবার (১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই এআই অ্যাসিস্ট্যান্টটির গো-লাইভ (Go-Live) বা শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই পারদর্শী এই ডিজিটাল সহায়িকাটি ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। এখন থেকে luna.labaidai.com.bd এবং হাসপাতালের মূল ওয়েবসাইট labaidcancer.com—এ গিয়ে রোগীরা সরাসরি লুনার সেবা নিতে পারবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, লুনা মূলত বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রোফাইল ও সময়সূচি দেখা এবং চ্যাটের ভেতরেই সহজে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার সুবিধা দেয়। এছাড়া হেলথ প্যাকেজ, হোম স্যাম্পল কালেকশন ও অ্যাম্বুলেন্স সেবা সম্পর্কিত যাবতীয় তথ্য মিলবে এখানে। বিশেষ করে যেসব রোগী লিখে বা কথা বলে তাঁদের শারীরিক সমস্যা প্রকাশ করতে পারেন না, তাঁদের জন্য রাখা হয়েছে বিশেষ ‘বডি-ম্যাপ’ ফিচার। ডিজিটাল শরীরের ৪২টি অঙ্গ-প্রত্যঙ্গের যে কোনোটিতে স্পর্শ করলেই লুনা স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সন্ধান দেবে। তবে লুনা কোনো প্রত্যক্ষ চিকিৎসা পরামর্শ দেয় না; জরুরি প্রয়োজনে সরাসরি হাসপাতালে যোগাযোগের বার্তা দেয়।
আনুষ্ঠানিক উদ্বোধনের আগে গত দুই সপ্তাহের পরীক্ষামূলক প্রয়োগে অসাধারণ সাড়া পেয়েছে সেবাটি। এ সময়ের মধ্যে ১৫ হাজার ৩২০ জন মানুষ লুনার সংযোগে এসেছেন এবং চ্যাটের মাধ্যমে মোট ২ হাজার ৩৫৩টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এর মাধ্যমে ৪৪টি অ্যাপয়েন্টমেন্ট সফলভাবে বুকিং ও নিশ্চিত করা হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, লুনার চ্যাটিংয়ের ৪৫ শতাংশই ঘটেছে সন্ধ্যা ও গভীর রাতে এবং ৮৩ শতাংশ ব্যবহারকারী মোবাইল ফোন থেকে এতে যুক্ত হয়েছেন।
লুনার উদ্ভাবক এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, "ক্যান্সারে আক্রান্ত রোগী ও তাঁর পরিবারের যেকোনো সময়ে দ্রুত, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন হয়। রাত হোক বা দিন—কেউ যেন তথ্যের অভাবে উৎকণ্ঠায় না ভোগেন, সেই ভাবনা থেকেই লুনার জন্ম। প্রযুক্তিকে সঠিক উপায়ে ব্যবহার করে মানবিক সেবাকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।"
স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির এই আধুনিক সমন্বয়ের মাধ্যমে সামনে রোগীদের সেবা প্রাপ্তি আরও সহজ, দ্রুত ও সুনির্দিষ্ট হবে বলে আশা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।