কিশোরগঞ্জের ভৈরবে ছুরিকাঘাতে সাদ্দাত মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ভৈরব পৌরসভার লক্ষীপুর এলাকায়।
নিহত সাদ্দাত মিয়া লক্ষীপুরএলাকার আরমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিজ বাসা থেকে গোসল করতে বের হন সাদ্দাত মিয়া। পথে একই এলাকার আনার মিয়া নাম এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। এ সময় সাদ্দাত
তার মামার চুরি হওয়া স্টিলের নৌকাটি কোথায় আছে জানতে চান এবং খুঁজে বের করে দিতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।একপর্যায়ে আনার মিয়া সাদ্দাতকে বুকে ও পেটে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা শিউলি বেগম বলেন, আমার ছেলে রাতে আমাকে ফোন করে জানতে চেয়েছিল, তার মামার নৌকা আনার মিয়া চুরি করেছে কি না। এর কিছুক্ষণ পরই খবর পাই, আনার আমার ছেলেকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নৌকা চুরির ঘটনা নিয়ে তর্কের জেরে আনার মিয়ার ছুরিকাঘাতে সাদ্দাত নামের এক যুবকের মৃত্যু হয়েছে জানতে পেরেছেন তিনি। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।