ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

author
চুনারুঘাট, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৫
ad003
বিএনপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা পুনর্গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন জোর আলোচনা চলছে, তখন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে। মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা গেছে।

এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন রাজনৈতিক চর্চা, জনসম্পৃক্ততা এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সৈয়দ মোহাম্মদ ফয়সল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন এবং জনগণের সুখ-দুঃখে পাশে থাকছেন।

চা-শ্রমিক নেতারা জানান, দেশের অন্যতম বৃহৎ চা-অঞ্চল মাধবপুর-চুনারুঘাট দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত। শ্রমিক কল্যাণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আবাসন ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তাদের বিশ্বাস, ফয়সল মন্ত্রী হলে চা-শিল্প ও শ্রমিকদের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।

নোয়াপাড়া, তেলিয়াপাড়া, সুরমা, জগদীশপুর ও বৈকুণ্ঠপুর চা-বাগান এলাকার বাসিন্দাদের পাশাপাশি সাধারণ জনগণও মনে করেন, একজন সৎ, দক্ষ ও জনবান্ধব রাজনীতিক হিসেবে ফয়সল ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি মন্ত্রী হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যখাত, শিক্ষা এবং শিল্প উন্নয়নে নতুন গতি আসবে।

উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, “দলের দুঃসময়ে সৈয়দ মোহাম্মদ ফয়সল সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করেছেন। জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। দক্ষতা, গ্রহণযোগ্যতা ও জনসমর্থনের বিবেচনায় তিনি মন্ত্রিসভার জন্য যোগ্য ব্যক্তি।”

শিক্ষক আজগর আলী বলেন, “সৈয়দ মোহাম্মদ ফয়সল ব্যক্তি জীবনে একজন সফল, কর্মঠ ও সৎ মানুষ। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। যে কোনো কাজ তিনি লোভ-লালসার ঊর্ধ্বে থেকে গভীর মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে তিনি সফলতার সঙ্গে তা পালন করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা পুনর্গঠনে নতুন ও গ্রহণযোগ্য মুখ অন্তর্ভুক্তির আলোচনা চলছে। সে ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে জনপ্রিয়, পরিচ্ছন্ন ভাবমূর্তিসম্পন্ন এবং উন্নয়নমুখী নেতৃত্ব হিসেবে সৈয়দ মোহাম্মদ ফয়সলের নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয়।
মাধবপুর ও চুনারুঘাটের মানুষের প্রত্যাশা, জাতীয় পর্যায়ে আরও বড় দায়িত্ব পেলে সৈয়দ মোহাম্মদ ফয়সল এ অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT