নরসিংদীর মাধবদীতে বিদেশি পিস্তলসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। আজ ৪ আগস্ট বিকাল ৩টায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আশিকুর রহমান মাধবদী থানায় প্রেস ব্রিফিং এ একথা জানান। গতকাল ৩ আগষ্ট গভীর রাতে পাঁচদোনা মোড় হতে ঘোড়াশালগামী সড়কের নলুয়া নামক স্থানে একজন ট্রাকচালক তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন।
ছিনতাইকারীরা একজন ড্রাইভারকে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শনপূর্বক তার কাছ থেকে নগদ দশ হাজার পাঁচশত টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। চালকের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে শুভ ও ফাহিম নামে ২ জন ছিনতাইকারীকে এসআই মোঃ ইউসুফের নেতৃত্বে গ্রেফতার করে মাধবদী থানা পুলিশ। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি এবং ছিনতাইকৃত দুই হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় দুইটি মামলা রুজু হয় (মামলা নং- ৬ এবং ৭, তারিখ: ০৪/০৮/২০২৬।
এসময় প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।