ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে বিএনপি ও জাতীয় পার্টির প্রায় ৫০ নেতাকর্মীর যোগদান

author
ইন্দুরকানী (পিরোজপুর)প্রতিনিধি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৪
ad003
পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মোঃ ইসরাফিল হাওলাদার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় আয়োজিত প্রতিনিধি সমাবেশে তারা জামায়াতের সহযোগী সদস্যপদ ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে জানিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক ছিলেন পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মসলেহ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সিফাতুল্লাহ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাফুজুর রহমান, উপজেলা শিবির সভাপতি মোঃ আবু হানিফ ও সেক্রেটারি সাকিবুল ইসলাম।

যোগদান উপলক্ষে বক্তব্যে মোঃ ইসরাফিল হাওলাদার বলেন, “আমি একজন মুসলমান। সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমি উক্ত দল থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি এবং আজীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT