ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষার পানিতে আটকাল ফায়ার সার্ভিস, আগুনে ছাই দুই দোকান

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৬ ভোর ৪:৫২
ad003
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর বাজারে অগ্নিকাণ্ডে দুটি মনোহারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানঘর ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

মঙ্গলবার সকালে উপজেলার গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্ষার কারণে বাজারসংলগ্ন সড়ক পানিতে তলিয়ে থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুটি দোকানের সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন গাগলাজুর বাজারের সেলিম মিয়া ও সাদেক মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ সেলিম মিয়ার মনোহারি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন বাতাসের কারণে পাশের সাদেক মিয়ার দোকানেও ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও আগুনের তীব্রতায় দুটি দোকানই সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, "দোকানঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। আমার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।"

অপর ব্যবসায়ী সাদেক মিয়া বলেন, "এই দোকানের আয়ের ওপরই পরিবারের পুরো সংসার চলত। এখন শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলেছি। পরিবার নিয়ে কীভাবে চলব, বুঝতে পারছি না। আমারও প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।"

গাগলাজুর বাজার কমিটির সদস্য সচিব বাদল মীর্জা বলেন, "বর্ষা মৌসুমে বাজারের চারপাশের রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকে। ফলে এ সময় ফায়ার সার্ভিসের গাড়ি বাজারে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই স্থানীয়দের উদ্যোগেই আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে।"

এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন মঙ্গলবার রাতে দৈনিক যায়যায়দিনকে বলেন, "বাজার কমিটির পক্ষ থেকে এখনো আমাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের জন্য একটি তদন্ত টিম পাঠানো হবে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।"

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে গাগলাজুর বাজারে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস পৌঁছাতে না পারা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে বিকল্প জরুরি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT