ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘জাতীয় ঐক্য গড়ে না তুললে আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে’

- ইবি উপাচার্য

author
ইবি প্রতিনিধি

প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮
ad003
জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব না হলে এবং অতীত ভুল থেকে শিক্ষা না নিলে নেপথ্য থেকে পুনরায় ফ্যাসিবাদের আগমন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় উপাচার্য ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের ভয়াবহতা ও কঠিন বাস্তবতা আমাদের ভোলা উচিত নয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মোটেও সহজ কাজ ছিল না। জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে তরুণ সমাজ ও ছাত্র-জনতা সেদিন রাজপথে নেমেছিল। আন্দোলনের মূল সারিতে শিক্ষার্থী-জনতা থাকলেও নেপথ্যে সব রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠনগুলো অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

অতীতের রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরে উপাচার্য বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর একটি বিশেষ গোষ্ঠী বা দল পুরো অর্জনকে নিজেদের ব্যক্তিগত ফসল বলে দাবি করেছিল। ফলে দেশে চরম বিভাজন ও বিশৃঙ্খলা দেখা দেয়। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেন। সে কারণেই তৎকালীন সময়ে দেশকে একটি উন্নত ও সমৃদ্ধির পথে রূপান্তর করা সম্ভব হয়েছিল।’

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ’২৪-এর অভ্যুত্থানে যেমন আমাদের মাঝে কোনো ভেদাভেদ বা মতপার্থক্য ছিল না, ঠিক তেমনি আজকেও আমাদের একই ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিস্টরা এখনও ভিন্ন ভিন্ন রূপ ও ভঙ্গিতে দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে সংঘটিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। শুধু আবেগের বশবর্তী হয়ে থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়তে পারে।’

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুস শাহীদ মিয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক। 

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

সভায় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও জুলাই ’২৪ গণঅভ্যুত্থানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। 

উল্লেখ্য, সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য। এরপর একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমবেত হয়।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও হলসমূহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা এবং মহিলাদের মধ্যে পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জিত করা হয়েছে। পাশাপাশি আবাসিক হলসমূহে খাবার পরিবেশন করা হবে।



সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT