ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার ক্রাইম সেলের অভিযান: এক মাসে ঝিনাইদহে ১০৬ মোবাইল উদ্ধার

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৬ সকাল ৮:২২
ad003
ঝিনাইদহ জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’-এর অভিযানে উদ্ধার হওয়া ১০৬ মোবাইল ফোন এবং প্রতারণামূলকভাবে হাতিয়ে নেওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

বৃহস্পতিবার দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর থানার দুটি হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার, কোটচাঁদপুর থানার ডাকাতি মামলার ৩ ডাকাত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার, সদর থানার দস্যুতা মামলার ১০ আসামি গ্রেফতার ও লুণ্ঠিত ইজিবাইক ও মোবাইল উদ্ধার, কালীগঞ্জ থানার দস্যুতা মামলার এক আসামি গ্রেফতার এবং সদর থানার দুটি অপহরণ মামলার ২ ভিকটিম উদ্ধারসহ মোট ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে ১০৬টি হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে ভুলবশত চলে যাওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ২৮ জন ভিকটিমকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে এবং সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে নিখোঁজ হওয়া ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

মোবাইল ফোন ও টাকা হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার “সাইবার অপরাধ প্রতিরোধ ও জনগণের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রযুক্তি নির্ভরতার সাথে কাজ করে যাচ্ছে। সাইবার বুলিং একটি গুরুতর সামাজিক ও আইনি অপরাধ। নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: মোসফেকুর রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT