নেত্রকোনণার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী বনডেরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর আনুমানিক ১টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর কড়াপাড়া বিওপির চার সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৮০ এমপি থেকে প্রায় ৫৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার ৩ নম্বর খারনই ইউনিয়নের বনডেরা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানকালে ১৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—কলমাকান্দা উপজেলার মধুপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২৮) এবং একই উপজেলার হাউসগাঁওবিন্দপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. আলী ইসলাম (৩০)।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত ভারতীয় ইয়াবাসহ কলমাকান্দা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।