তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করতে এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’। প্রতিযোগিতাটি সফল ও উৎসবমুখর করতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: উমর ফারুক।
সভায় জানানো হয়, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী ১০ সেপ্টেম্বর তিনি ভার্চ্যুয়ালি প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করবেন। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থী এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। এ প্রতিযোগিতায় ছেলেদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হলেও মেয়েদের জন্য তা রাখা হয়েছে ঐচ্ছিক।
টুর্নামেন্টে ছেলে-মেয়ে উভয় বিভাগেই দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলা পরিচালনার সুবিধার্থে নির্ধারণ করা হয়েছে আলাদা ভেন্যু। মেয়েদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে ঢাকা-২ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেলা হবে আটি ভাওয়াল উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এবং ঢাকা-৩ আসনের খেলাগুলোর জন্য নির্ধারিত হয়েছে শুভাঢ্যা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছতা বজায় রাখা, অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং মাঠ প্রস্তুত করাসহ নানাবিধ নিয়মকানুন ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মূল টুর্নামেন্ট শুরুর আবহ তৈরিতে আগামী ১৭ আগস্ট একটি প্রীতি ম্যাচের আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে। ম্যাচটিতে 'অফিসার্স ক্লাব ফুটবল টিম'-এর মুখোমুখি হবে 'কেরানীগঞ্জের ক্রীড়া শিক্ষক' একাদশ।
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাজিদ উল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুস সাত্তার বেগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, একাডেমিক সুপার ভাইজার হালিমা আক্তার এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজের প্রধান এবং ক্রীড়া শিক্ষকেরা।