কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ১৪ এপিবিএন ইরানি পাহাড় পুলিশ ব্যারাকের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩২) নামে এক সহকারী উপপরিদর্শকের ( নিঃ) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ভোরে ভেতর থেকে বন্ধ থাকা ওয়াশরুমের দরজা কেটে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রুবেল হোসেন এএসআই হিসেবে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে রুল কলে তার অনুপস্থিত দেখে অনেক জায়গা খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোন বন্ধ ছিল।
এদিকে শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি ক্যাম্পের সদস্যদের জানান।
খবর পেয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার জানান, ওয়াশরুম থেকে তাঁর ব্যবহৃত গোসলের তোয়ালে, টর্চলাইট, মোবাইল ফোন ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, তাঁদের এক পুলিশ সদস্যের মরদেহ ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে অথবা পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।